পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ধনিয়াকাটায় পূর্বপাড়ায় কবরস্থান দখলে নিতে ব্যাপক তান্ডব চালানো হয়েছে। ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জবর দখলকারীর ভাড়াটে লোকজন রাতের আঁধারে ওই কবরস্থানের ঘেরা বেড়া ভাংচুর করে। কবরস্থান দখলে নিতে দখলবাজচক্র কবরস্থানের সীমানা থেকে ১০/১২ টি আরসিসি পিলার উপড়িয়ে ফেলে। দেড় শতাধিক চারাগাছ কেটে ফেলে।
কবরস্থান কমিটির সভাপতি আকতার আহমদ জানান, খবর পেয়ে কবরস্থান কমিটির লোকজন সেখানে যান। এ সময় কবরস্থান কমিটির সদস্যদেরকেও হাকাবকাসহ হুমকি ধমকি দেওয়া হয়। ঘটনার জের ধরে ধনিয়াকাটায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৯৮৯ সালের দিকে ধনিয়াকাটা পূর্বপাড়ায় রিজার্ভ সম্পত্তিতে স্থানীয়রা কবরস্থানের জায়গা নির্ধারণ করে। অবিভক্ত বারবাকিয়া ইউনিয়নের সময় বনবিভাগ স্থানীয়দের দাবীর স্বপক্ষে ধনিয়াকাটায় কবরস্থান তৈরীর পক্ষে লিখিত অনুমতি দেন। সেই সময় থেকে পূর্বপাড়ায় একটি বড় পরিসরে কবরস্থানের সীমানা স্থিত আছে। ধনিয়াকাটার মাঝেরপাড়া, পূর্বপাড়া, আবাদিঘোনা, লেইনের শিরা, আবদুল্লাহপাড়ার আংশিকসহ পাহাড়ী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মরদেহ এনে ওই কবরস্থানে শায়িত করা হয়। বর্তমানে ওই কবরস্থানে প্রায় ৩শতাধিক কবর রয়েছে। ওই কবরস্থান নিয়ে লোলুপ দৃষ্টিপড়ে স্থানীয় মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী গোলবাহার গংদের। ইউপি সদস্য নুরুল আবছার জানান, খবর পেয়ে আমি চৌকিদার মনছুরকে পাঠিয়েছিলাম। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। রাতে ধনিয়াকাটা থেকে অনেক মানুষ আমার এখানে এসেছে। এ মেয়ের আচার আচরণ ভাল না। বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, এ সম্পর্কে আমাকে কেউ কিছু বলেননি। এ মাত্র সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানলাম।
Leave a Reply