আবদুর রহমান ইবনে আমিন
টেকনাফ:
কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনায় এক নরী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন (৫৫) সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা এবং তিনি সেন্টমার্টিন দ্বীপের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নারী সদস্য।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি বলেন, ‘২১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার সময় নদীর মোহনায় দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার খবরে কোস্টগার্ড তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। অবৈধভাবে এ রুটে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে দ্বীপের বাসিন্দা নুরুল আলমে মালিকানাধীন স্পিডবোট টেকনাফ থেকে ২১ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এরপর নাফনদীর মাঝামাঝি মোহনায় পৌঁছালে হঠাৎ তলা ফেটে স্পিডবোটটি ডুবে যায়। পরে কোস্ট গার্ড এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ দিন ধরে এ রুটে অনুমতি ছাড়াই বেশ কিছু স্পিডবোট অবৈধভাবে চলছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শুক্রবারের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি স্পিডবোট নাফ নদীতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নেওয়া হয়। এ সময় মুমূর্ষ অবস্থায় সাবেক এক ইউপি সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আরও কয়েকজন মুমূর্ষ অবস্থায় রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘নাফ নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে সাবেক এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। বাকিদের বিষয়ে আমরা খোঁজব খবর নিচ্ছি।’।
Leave a Reply