তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
অপরাধ দমনের পদক্ষেপ হিসেবে ৮০জন গ্রাম পুলিশকে প্রতিরক্ষা সামগ্রি (লাঠি ও টর্চ) প্রদান করেছেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম। ০৯ অক্টোবর (সোমবার) থানা কম্পাউন্ডে গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠানে ভালো কর্মের জন্য শ্রেষ্ঠ গ্রাম পুলিশকেও পুরস্কৃত করেন তিনি।
মাদক, জঙ্গী, ইভটিজার, চুরি-ডাকাতি, ছিনতাই ও কিশোরগ্যাং অপরাধ প্রতিরোধে লোহাগাড়া থানা পুলিশের টিম কাজ করে যাচ্ছে। থানা পুলিশের কয়েকটি টিম ও স্থানীয় গ্রাম পুলিশদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ওসি রাশেদুল ইসলাম বলেন, মাদকসহ সকল সমাজবিরোধী অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, লোহাগাড়ায় তার স্থান নেই। জনগণকে সুন্দর, আধুনিক ও নিরাপদ লোহাগাড়া উপহার দিতে কাজ করে যাচ্ছি। চুরি, ডাকাতি নিয়ন্ত্রণের জন্য আমাদের টিম গভীর রাতে পুলিশ টহল জোরদার রেখেছে। অপরাধ নিয়ন্ত্রণে রাতে ডিউটি করার জন্য উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন গ্রাম পুলিশের হাতে টর্চ ও লাঠি দেওয়া হয়েছে।
গ্রাম পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, সুন্দর, নিরাপদ সমাজ বিনির্মাণে এলাকার বিভিন্ন ধরণের অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে গ্রাম পুলিশ সদস্যদেরকে। অপরাধীদের দেখলেই পুলিশকে অবহিত করতে হবে। কাউকে আমরা ছাড় দিবোনা।
অনুষ্ঠানে কর্মদক্ষতা ও পুলিশ টিমের সাথে ডিউটির মূল্যায়নস্বরূপ চুনতি ইউপির গ্রাম পুলিশ মোঃ বাদশাকে লোহাগাড়ার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন ওসি রাশেদুল ইসলাম।
মতবিনিময় কালে থানার সেকেন্ড অফিসার এস.আই হিরু বিকাশ দে, পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply