পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ক্ষমতাসীন দল আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদককে প্রাণনাশ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চলমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে বাকবিতন্ডার জের ধরে বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষের লোকজন জড়ো হয়ে তাকে প্রাণনাশ চেষ্টা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। এর জের ধরে দু’দফা ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) ও সোমবার ৯ অক্টোবর রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে বকশিয়াঘোনায় মহসিনের ফার্মেসীর সামনে রাজাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ছলিমুল্লাহ বসে গল্প গুজব করছিলেন। এ সময় স্থানীয় ছবির আহমদের পুত্র শিবিরের সাবেক নেতা আবদু রহিম দেশের চলমান অস্থিরতা নিয়ে রাজনৈতিক দল আ’লীগ ও সরকারকে নিয়ে ব্যাঙ্গার্থক মন্তব্য করেন। এর জের ধরে এ দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্থানীয় মৃত আবদু রশিদের পুত্র জহির, বার্মাইয়া খানে আলম, আবদু রহিমের পুত্র আমজাদ ও আরফাত এসে ওয়ার্ড আ’লীগ নেতা ছলিমুল্লাহকে কিল, ঘুসিসহ হেনস্থা করে। পরের দিন মঙ্গলবার সকালে ছলিমুল্লাহ বেড়িবাঁধে যান। এ সময় আবদু রহিমসহ ৭/৮ জনের দুবৃর্ত্তরা ছলিমুল্লাহকে প্রাণনাশ চেষ্টা চালায়। খবর পেয়ে ছলিমুল্লাহর ভাই রহিম উল্লাহ ও ছেলে জিসান সেখানে পৌছেন। এ সময় এ ২ জনকেও কিল, ঘুসিসহ মারধর করে।
ছলিমুল্লাহ জানান, তারা আমাকে হত্যা চেষ্টা চালায়। ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জাকের উল্লাহ জানান, আমরা বসে সমাধানের চেষ্টা করছি। ইউপি সদস্য ছমিউল্লাহ জানান, রাজনৈতিক প্রতিহিংসায় দু’পক্ষের তর্কাতর্কি বিষয়টি আমি জেনেছি। ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী শেফায়াত উল্লাহ মনু জানান, ছলিমুল্লাহ আমার কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন আ’লীগের সহসভাপতি আবু তাহের মাতব্বর বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমরা দলীয়ভাবে বৈঠক ডেকেছি। তারা আমাদের নেতা-কর্মীদের উপর জুলুম নিপীড়ন করবে আমরাতো বসে থাকবোনা।
Leave a Reply