বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পশ্চিম গনিয়াকাটা গ্রামের লোকালয়ে চলে এসেছে দুই শাবকসহ ছয়টি বন্যহাতি। হাতির আক্রমণে আহত হয়েছেন দুই স্থানীয় ব্যক্তি।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাতিগুলো লোকালয়ে দেখতে পায় এলাকাবাসী। রাত সাড়ে নয়টা পর্যন্ত হাতিগুলো ঘুরে ফিরে ওই এলাকায় অবস্থান করছে বলে জানায় এলাকাবাসী ফলে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা গেছে।
এদিন হাতি দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সারাদিন বনবিভাগ, পুলিশ, র্যাব, বিজিবিসহ প্রশাসনের লোকজন হাতিগুলোকে বনে ফেরানোর চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় সংশ্লিষ্টরা।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, বনকর্মীরা নিরাপদে হাতির পালটিকে বনে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান, হাতির আক্রমণে ওই এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০) আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা প্রতিনিধিকে জানান, হাতিগুলোকে নিরাপদে বনাঞ্চলে ফিরানোর সকল চেষ্টা করা হচ্ছে। উৎসুক লোকজনের ভিড় থাকায় হাতিগুলো আরও ভীতসন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করছে। এলাকাবাসীর জানমাল রক্ষা এবং হাতিগুলোকে বনে ফেরাতে চেষ্টা চলছে।
ঘটনাস্থলে বিজিবি, র্যাব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply