পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের পশ্চিম টইটং হাজিরপাড়ায় ৩ শতক আয়তনের পুকুর দখলে নেওয়ার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে একটি প্রভাবশালী চক্র প্রবাসীর স্ত্রী ও তার পরিবারকে নজিরবিহীন হয়রানি করছে বলে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে হাজিরপাড়ার সৌদি প্রবাসীর স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেন। টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর কাছেও বিচার ছিল। তবে বিচার এমনকি সালিশি বৈঠককে তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন প্রবাসীর স্ত্রী ছেনুয়ারা বেগমকে হয়রানি করছে। সম্প্রতি ওই পুকুরটি ব্যবহারের বাধা প্রদানেরও অভিযোগ পাওয়া গেছে। সুত্র জানায়,৩ শতক জায়গা নিয়ে হাজিরপাড়ায় মৃত মুন্সী মিয়ার পুত্র সৌদি প্রবাসী মো: ইউনুছ ও প্রতিবেশী মৃত ছাবের আহমদের পুত্র নুরুল আমিনের মধ্যে বনিবনা চলছিল। এ জায়গা ১ এপ্রিল ২০১৩ ইং সালে মৃত মুন্সী মিয়ার পুত্র মো: ইউনুছ ও তার স্ত্রী ছেনুয়ারা বেগমের নামে দলিল সম্পাদিত হয়। মৃত ইয়াকুব মিয়ার ৩ মেয়ে ছমুদা খাতুন, মাহামুদা খাতুন ও বুড়ি বেগম পৈত্রিক সুত্রে প্রাপ্ত অংশ ৩ শতক জায়গা নিকটাত্মীয় মো: ইউনুছকে বিক্রি করেন। সেই সময় থেকে এ জায়গাটি ইউনুছের পরিবার রক্ষণাবেক্ষণ করছিল। এ ব্যাপারে ইউনুছের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, জায়গাটি আমাদের খরিদা অংশ। এখানে মাটি খনন করে পুকুর করেছি। তাদের সীমানা ও আমাদের সীমানা পৃথক আছে। এরপরও হয়রানি করছে। আমি থানায় বিচার দিয়েছি। আমার এক ছেলেকে মারধরের চেষ্টা করে। আমরা অসহায়।
Leave a Reply