পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এবিসি সড়কে ছিনতাই হয়েছে। এ সময় ছুরিকাঘাতে মোটরসাইকেল আরোহী ও ১ জন নারীসহ ২ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীর উত্তর পাশে এস,আলম কাউন্টার সংলগ্ন আঞ্চলিক মহাসড়ক (এবিসি) সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্যাঘোনার জে,এম শাহাব উদ্দিনের পুত্র ঢাকা দারুল নাজাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র ইনতিনার মোহাম্মদ নুর উদ্দিন মাহিন (১৮), একই এলাকার শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)। এ ব্যাপারে আহত ইনতিনার মোহাম্মদ নুর উদ্দিন মাহিনের বড় ভাই হামিম মোহাম্মদ ফাহিম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার প্রেরণ করেন।
এজাহার সুত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাদ্রাসা ছাত্র ইনতিনার মোহাম্মদ নুর উদ্দিন মাহিন মোটরসাইকেল নিয়ে পেকুয়া বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে এবিসি সড়কের কলেজ গেইট চৌমুহনী এস,আলম কাউন্টারের উত্তর পাশে সড়কে তাকে গতিরোধ করা হয়। এ সময় ৫/৬ জনের দুবৃর্ত্তরা মাদ্রাসা ছাত্র ইনতিনারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও একটি আইফোন মোবাইল লুট করে। খবর পেয়ে শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলে আসেন। এ সময় দুবৃর্ত্তরা ওই নারীকে পিটিয়ে জখম করে। এ ব্যাপারে মাদ্রাসা ছাত্র ইনতিনার মোহাম্মদ নুর উদ্দিন মাহিনের পিতা সাবেক সরকারী চাকুরীজীবি জেএম শাহাব উদ্দিন জানান, এর আগে কেজি স্কুলের অফিসকক্ষে চুরি হয়েছে। এ সময় আমার ছেলে চুরির প্রতিবাদ করে। পরবর্তীতে সড়কে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, এ নিয়ে তদন্ত চলছে।
Leave a Reply