জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া এবং বান্দরবানের ৩০০ নং আসনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে বেশ কিছু কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোঃ ইব্রাহিম বীরপ্রতীক ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জাফর আলমের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এই কারণে তাদের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছে। তাই সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল সাহল আহমদ নোবেল এসি।
লে: কর্নেল সাহাল আহমদ নোবেল জানান, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) হতে ২৫ প্লাটুন সদস্য কক্সবাজারে চকরিয়া ও পেকুয়া এবং বান্দরবান ৩০০ নং আসনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোতায়েন করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ঝুকিপূর্ণ ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্তমানে বিজিবি টহল দল বিভিন্ন ভোট কেন্দ্রে রেকি কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
Leave a Reply