পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙলবার বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরীর বাজার স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আবু আহমদ সোনা মিয়া, সাবেক ইউপি সদস্য আহসান হাবীব, চকরিয়া পাইলট স্কুলের শিক্ষক রিফাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, স্থানীয় রেজাউল হায়দার রাজা মিয়ার ছেলে হুমায়ুন কবির বাদল একজন মামলাবাজ ও কূটকৌশল সম্পন্ন ব্যক্তি। তিনি সুতাচুড়া জলমহাল খালকে কেন্দ্র করে অসহায় নিরীহ মানুষদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাঁর মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছেনা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বছর দেড়েক আগে স্থানীয় বাসিন্দা আরফাত ও চকরিয়ার মারুফের সাথে হুমায়ুন কবির বাদলের খাল ইজারা নিয়ে একটি চুক্তিপত্র হয়। চুক্তিপত্র অনুযায়ী আরফাত ও মারুফকে ছয় লক্ষ টাকা দেওয়ার কথা হুমায়ুন কবিরের। কিন্তু সে টাকা না দেওয়ায় তাঁদের মাঝে দফায় দফায় জামেলা হয়। একপর্যায়ে বাদল আরফাতের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা করেন। সে মামলায় আরাফাত কিছুদিন আগে জেলও খেটেছেন। পরে আরও চারটি মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি। যে মামলাগুলোতে নুরীর পাড়া, গোদার পাড়া, দক্ষিণ সুতাচুড়া পাড়া ও পেকুয়ার ভোলাইয়াঘোনা এলাকার প্রায় ৬০ জনের অধিক খেটে খাওয়া ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের আসামী করা হয়েছে।
এব্যাপারে হুমায়ুন কবির বাদল বলেন, চকরিয়ার মারুফ ও উজানটিয়ার সাবেক চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরীর কাছ থেকে আমি সুতাচুড়া জলমহাল খাল ইজারা নিয়েছি। সে খাল থেকে আরফাত ও তাঁর অনুসারীরা অবৈধভাবে মাছ লুট করে। এতে বাধা দেওয়ায় তাঁরা আমার কাছ থেকে চাঁদা দাবী করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
Leave a Reply