পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার বাড়ির খামার থেকে অন্তত ১০ টি গরু লুট হয়েছে। খামারী এ গরুগুলোকে মোটা তাজাকরণ করছিলেন। অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে অন্তত ২০ থেকে ২২ লক্ষ টাকার গরু লুট করেছে দুবৃর্ত্তরা। ৫ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজাখালী ইউপির টেকঘোনা পাড়ায় মো.ফোরকানের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে একদল দুবৃর্ত্ত হানা দেয়। এসময় তারা বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে যায়। ফোরকান ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি।
খামারী মো.ফোরকান বলেন,দুই বছর ধরে আমি বাড়িতে গরুর খামার করছি। খামারে ১১টি পাকিস্তানি শাহীওয়াল জাতের গরু ছিল। গভীর রাতে বাড়িতে হানা দেয় একদল দুবৃর্ত্ত। তারা বাড়ির দরজায় টুকা দেয়। এসময় আমার বাবা দরজা খুললে ৪/৫ জনের অস্ত্রধারী লোকজন বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে খামার থেকে ১০টি গরু ডাম্পার গাড়িতে তুলে লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, গত এক বছর ধরে আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। একাধিক বার হামলাও হয়েছে। একটি চক্র আমার জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছিল।
ফোরকানের পিতা আবুল হোসেন বলেন, ঘটনারদিন রাতে ফোরকান বাড়িতে ছিলোনা। গভীররাতে দরজায় টুকা দিলে আমি দরজা খুলে দিই। মনে করছিলাম ছেলে এসেছে। দরজা খুলার সাথে সাথে কয়েকজন লোক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় আমাদের হত্যার ভয় দেখায়। খামারের ১০টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
এবিষয়ে জানতে রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের মুঠোফোনে যোগাযোগ করা হয়। রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, কেউ এ বিষয়ে আমদের অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply