বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিবেদকঃ
চলমান কোটা বিরোধী আন্দোলনে অংশ হিসেবে সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে চট্টগ্রাম ও কক্সবাজার গামী দুইটি ট্রেন আটকা পড়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে সীতাকুন্ডের কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করলে শত শত শিক্ষার্থী যোগদান করে৷ সেখানে আন্দোলনকারীরা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ফলে শত শত যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান, কুমিরা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুইটি ট্রেন আটকা পড়েছে৷ খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছেন।
তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। তিনি আরো জানান যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
Leave a Reply