চ্যানেল আই:
পিএসসির অধীনে পরীক্ষার মাধ্যমে ৯ম ও ১০ম গ্রেডে (নন-ক্যাডার) কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল-কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে ৩৫৩৪ জনের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এইসব পদে নিয়োগ পেতে পরিক্ষায় অংশ নেয়া ১৮ জনের করা রিটের শুনানি শেষ সোমবার বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে নিয়োগ স্থগিতের আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন মো: মাকসুদ উল্লাহ, আইনজীবী এ জেড এম নুরুল আমিন, মো: রুকনুজ্জামান, আবু সাঈদ খান ও শফিকুল ইসলাম।
আজকের আদেশের বিষয়ে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি’র অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরী ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ এই পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ২৩ জানুয়ারি এসব পদে ৩৫৩৪ জনের নিয়োগের সার্কুলার জারি করা হয়। যেখানে আগামী ২৯ জানুয়ারি চাকুরীতে যোগদানের নির্দেশনা দেয়া হয়। তবে এইসব পদে নিয়োগ পেতে পরিক্ষায় অংশ নেয়া ১৮ জন বঞ্চিত হয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানিতে আমরা বলেছি যে, পিএসসির ‘আবেদ আলি সংশ্লিষ্ট’ এই পরিক্ষায় চাতুর্যতার আশ্রয়ে রিটেন পরিক্ষা না নিয়ে এমসিকিউ পরিক্ষার মাধ্যমে নিয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আর একই সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওেয়ের একটা পরিক্ষা বাতিল করা হয় কিন্তু এই পরিক্ষাটি বাতিল করা হচ্ছিলো না। এই প্রেক্ষাপটে রিটটি করা হয়। আদালত শুনানির পর ৩৫৩৪ জনের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে ওই ৩৫৩৪ জন ২৯ জানুয়ারি যোগদান করতে পারবেন না।
Leave a Reply