নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় দীর্ঘ ১শ বছরের চলাচল রাস্তায় কাঁটা তার দিয়ে ব্যারিকেড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। শুক্রবার বেলা ১২ টার দিকে শিলখালী ইউনিয়নের দোকানপাড়া-সবুজপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকার কবরস্থান ও রাস্তার জায়গা উদ্ধারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়। উক্ত আবেদন আমলে নিয়ে সহকারী কমিশন (ভূমি) কে দায়িত্বভার অর্পণ করা হয়। এর প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়াল দুলাল মেম্বার সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে উভয়পাশে জায়গা উদ্ধার করে। রাস্তার পশ্চিম পাশে মাওলানা মনজুর ও মাওলানা ইয়াহিয়া খালেদ জায়গা ছেড়ে দিলেও বোরহান উদ্দিন খোকন জায়গা ছেড়ে দেয়নি। এমনকি সে রাস্তার পশ্চিম পাশে খনন করে রাস্তা বিলীন করে ফেলে। তাছাড়া ওই রাস্তার জায়গা নিজের দাবী করে রাস্তার উপর কাঁটা তার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। স্থানীয় কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মো: বেলাল উদ্দিন জানান, আমরা ইউএনও বরাবর আবেদন করেছি। কবরস্থানের জায়গা অরক্ষিত ছিল। প্রশাসনের মাধ্যমে জায়গা পরিমাপ করে আমরা কবরস্থান ও রাস্তার জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে খোকন ওই রাস্তার উপর ব্যারিকেড সৃষ্টি করেছে। অথচ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কেউ হঠাৎ অসুস্থ হলে ওই রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হবে না। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আওয়াল দুলাল জানান, রাস্তা সংষ্কারের জন্য ইট, বালি আনা হয়েছে। খোকন নামক এক ব্যক্তি বাধার সৃষ্টি করছে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী জানান, আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply