তৌহিদুল ইসলাম কায়রু:
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার মাত্র একদিন পরই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
পদে বসানো ও বিতর্কের সূচনা
গত মাসে নলুয়া ইউনিয়নের আটজন মেম্বার যৌথভাবে স্বাক্ষরিত দরখাস্তের মাধ্যমে একজন মেম্বারকে প্যানেল চেয়ারম্যান তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার আবেদন করেন। নবাগত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান ১২ আগস্ট জনস্বার্থে ও ইউনিয়নের সেবা কার্যক্রম সচল রাখতে মিজানুর রহমানকে দায়িত্ব দেন।
কিন্তু খবর ছড়িয়ে পড়তেই নলুয়াসহ আশপাশের এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে, মিজান রাজনৈতিকভাবে বিতর্কিত এবং বিগত সময়ে জনগণকে হয়রানি করেছেন। তার বিরুদ্ধে দলীয় ক্যাডার হিসেবে কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতার অভিযোগ তুলে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি ওঠে।
প্রতিবাদের মুখে অপসারণ
১৪ আগস্ট ইউএনও এক অফিস আদেশে মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ সিদ্ধান্তে আন্দোলনকারীরা স্বস্তি প্রকাশ করেছেন।
নলুয়ার বাসিন্দা শাহাদাত হোসাইন বলেন, “একজন সন্ত্রাসীকে দায়িত্ব দেওয়ায় আমরা আহত হয়েছিলাম। অব্যাহতির জন্য প্রশাসনকে ধন্যবাদ, তবে নবাগত ইউএনওকে কেউ বিভ্রান্ত করছে কি না সেটিও খতিয়ে দেখা উচিত।”
সামাজিক প্রতিক্রিয়া
অব্যাহতির অফিস আদেশ নিজের টাইমলাইনে পোস্ট করে সাতকানিয়া প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম বাবর লেখেন, “দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের আরও সচেতন হওয়া জরুরি।”
যোগাযোগ করা হলে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান সকল সঠিক তথ্য প্রদানকারীদের ধন্যবাদ জানান এবং প্রশাসনিক কাজে সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply