নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে উপজেলা প্রশাসনের অভিযানের পরও বালি উত্তোলন থামছে না। প্রশাসনের নির্দেশ অমান্য করে এক শ্রেণির বালি খেকো বালি উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। ফলে গ্রামীণ সড়কগুলো ভেঙে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টইটং ইউনিয়নের বটতলী, হাবিবপাড়া, মালঘারাসহ বিভিন্ন জায়গায় বালি উত্তোলন করছে এক শ্রেণির বালিখেকোচক্র। তারা নিয়মিত দিনে ও রাতের বেলায় স্যালো মেশিন দিয়ে বালি উত্তোলন করছে। স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ওই এলাকার আনিছ, হামিদুল হক, কালু সওদাগর, মো: ইকবাল, করিমসহ আরো অনেকে বালি উত্তোলন করছে। বিশেষ করে পাহাড়ী ছড়া থেকে প্রবল বৃষ্টির পানিতে নেমে আসা বালিগুলো উত্তোলন করছে। তারা এক গাড়ী বালি ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করছে। কিছু দিন আগে পেকুয়ার কয়েকজন সংবাদকর্মী ওই স্থানে গিয়ে পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি তাৎক্ষণিক বালিগুলি জব্দ করে অবৈধ উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পুনরায় বালি না তোলার জন্য নিষেধ করেন। এ দিকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালি উত্তোলন করায় এলাকার সচেতন মহলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে পুঁইছড়ি বিট অফিসার কামরুল হাসান জানান, বালি উত্তোলন যদি আমাদের বিটের অধীনে হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply