মোঃ কানন:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুদিন পর স্থানীয় ক্ষিরাই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ক্ষিরাই একটি নদীতে কচুরিপানা’র ভেতরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম।
স্হানীয়রা জানায়, নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগম দম্পতির ছেলে।
নিহতের পরিবার জানায়, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে জোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখেন এলাকার লোকজন সাংবাদিক ও পুলিশকে খবর দেন।
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছি।
Leave a Reply