পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকানঘর পুড়ে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ইউনুস সওদাগরের মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান এলাকার লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে পাশের দোকান আবুল কাশেম, হাবিবুল্লাহ, আমির হোছাইন, নুরুল আলম, সন্তুষ, আসহাব উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী আবুল কাশেম জানান, রাত দেড়টার দিকে হঠাৎ একজনে কল দিয়ে বলে তোমাদের দোকানে আগুন লাগছে তখন দৌড়ে আসতে আসতে দেখি আমার দোকানসহ আশেপাশের ৯টি দোকান পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এসময় আগুনে পুড়ে ৯টি দোকানে প্রায় ৫০ লক্ষধিক টাকা ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান তিনি।
এসময় দোকানগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা অগ্নিকান্ডের ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানতে পারিনি। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানতে পারেননি ফায়ার সার্ভিস।
Leave a Reply