স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের চকরিয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সার্বিক সহায়তায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশন (F4P) আয়োজনে এবং দ্যা এশিয়ান ফাউন্ডেশন অর্থায়নে তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে নিরাপদ অভিবাসন এবং অনিরাপদ অভিবাসন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার হলরুম মোহনা মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) উপ-পরিচালক সৈয়দ শামসুল তাবরীজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশন চেয়ার শীপা হাফিজা, বিএমইটি উপ-পরিচালক জোহরা মনসুর, বিএমইটি সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রূপা, দ্যা এশিয়া ফাউন্ডেশন কমিউনিকেশন কর্মকর্তা ফারদিন রহমান, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এম ওমর আলী।
প্রধান অতিথি সৈয়দ শামসুল তাবরীজ বলেন-
বিদেশে যাওয়ার আগেই প্রতিটি ব্যক্তিকে সচেতন হতে হবে, না হলে একটু ভূল সিদ্ধান্তের কারণে বিপর্যয় নেমে আসতে পারে জীবন। বৈধ ভাবে না গিয়ে অন্য কোন উপায়ে বিদেশ গেলে বা যাওয়ার চেষ্টা করলে তার চরম ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশগমন করতে হবে। যদি কোন সাব-এজেন্ট বা আত্মীয়ের মাধ্যমে কেউ বিদেশে গমন করতে চাই তাহলে অবশ্যই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসা এবং অন্যান্য কাগজপত্র যাচাই করে নেয়া খুবই প্রয়োজন।
তিনি আরও বলেন-একজন ব্যক্তির নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে প্রতারক ও দালাল থেকে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। বর্তমান সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সরকারি দপ্তর গুলো নানা ধরনের কাজ করে যাচ্ছে। কেউ বিদেশে গমন করতে চাইলে তাকে অবশ্যই বৈধ পথে যেতে হবে এবং বৈধ কাগজপত্র নিয়ে বিদেশ গেলে কোন ধরণের বিপদের সম্মুখীন হতে হয় না। কারণ একজন মানুষ আশা ও বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশ যায়। অবৈধ ভাবে বিদেশ গমন করে কারো স্বপ্ন যেন থেমে না যায় সে বিষয়ে সবার সচেতনতা সৃষ্টি একান্ত অপরিহার্য।
Leave a Reply