জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার পিস বার্মিজ ইয়াবা ও একটি ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেলসহ মো. ছৈয়দ আকবর (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জারুলিয়াছড়ি ইটের রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ছৈয়দ আকবর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকঢালা বাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো. আবদুল হক আব্বসি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় জারুলিয়াছড়ি এলাকার একটি ঢালু সড়কে মোটরসাইকেল আরোহী সন্দেহভাজন যুবককে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ব্যবহৃত ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য বলেন, এলাকাটি সীমান্তসংলগ্ন হওয়ায় মাঝে মধ্যে মাদক পাচারের ঘটনা ঘটে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করি।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই মো. আবদুল হক আব্বসি বলেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক যুবককে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক সরবরাহ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply