তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম।
“দেশের ধর্মীয় সম্প্রীতি-শান্তি নস্যাৎ করতে চায় পতিত আওয়ামী লীগ স্বৈরাচারীরা। তা কোনোদিন এদেশের মানুষ করতে দিবে না। ধর্মীয় সম্প্রীতি দৃষ্টান্তে বিশ্বের জন্য বাংলাদেশ অনন্য এক মডেল। আওয়ামী হাসিনা সরকার দেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চায়।” গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম লোহাগাড়ার চুনতির নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ- এর কবর জিয়ারতে সাংবাদিককে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসাইন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান চন্দ্র রায় পোদ্দার।
তারা আরও বলেন, “আইনজীবীর হত্যাকারীদের কিছুতেই ছাড় নয়। তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে, তা তদন্ত চলছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস টিম কাজ করে যাচ্ছেন। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমি ধর্ম মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে সাইফুলের পরিবারের জন্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এসেছি।”
জিয়ারত শেষে উপদেষ্টাগণ সাইফুলের পরিবারের সাথে কথা বলেন। এসময় তাদের কাছে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভরণ-পোষণ, শিক্ষা ও স্বচ্ছলতার জন্য ১ কোটি টাকার ফান্ড এর একটি অংশ হিসেবে ১ লক্ষ টাকা, আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদান করেন ধর্ম উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply