বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র পেকুয়া বাজারে সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বাজারের দুই পাশে ফুটপাতজুড়ে অবৈধভাবে দোকান বসানো এবং মূল সড়কে এলোমেলোভাবে যানবাহন পার্কিংয়ের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গিয়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা।
সরেজমিনে দেখা যায়, সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক কাদা ও পানিতে একাকার হয়ে যায়। ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো এবং রাস্তার উপর যানবাহন দাঁড় করিয়ে রাখার ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেককে বাধ্য হয়ে কাদা-পানির মধ্যে দিয়েই চলাচল করতে হচ্ছে, যা শুধু দুর্ভোগই নয়, বরং স্বাস্থ্যঝুঁকির কারণও হয়ে দাঁড়িয়েছে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বরং দিন দিন ফুটপাত দখল ও অবৈধ পার্কিং আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
একজন ক্ষুব্ধ পথচারী বলেন, “সামান্য বৃষ্টিতেই পুরো বাজার চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে বাজারে আসাই কঠিন হয়ে যাবে। মনে হচ্ছে দেখার মতো কেউ নেই।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় অবৈধ দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার উপর অবৈধ পার্কিং বন্ধ করা এবং পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply