বিজন কুমার বিশ্বাস:
মিয়ানমারের সশস্ত্রবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে দীর্ঘ সময় ধরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন এলাকায় মর্টারশেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে বিজিবি ও কোষ্টগার্ড টহল জোরদার করেছে।
বৃহস্পতিবার ২৮ মার্চ টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য প্রতিনিধিকে জানান। তিনি প্রতিনিধিকে বলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থায় রাখা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও জানান, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রাতে ও ভোরে শব্দ প্রকটভাবে শোনা যায়। শাহপরীর দ্বীপ সীমান্তের জেটি ঘাটের বাসিন্দা সালামত উল্লাহ জানান, গত মঙ্গলবার ও বুধবার রাতে সেহরির পর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে।এসব বিষয় এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিব খান জানান, অনেক দিন বন্ধ থাকার পর গত দুদিন ধরে রাতের বেলায় গোলাগুলির শব্দ ভেসে আসছে।
সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে বর্তমানে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সংঘাতের কারণে কোস্ট গার্ড সাগরে সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে শুরু থেকে নাফ নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।
Leave a Reply