পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের বাজারপাড়ায় মা ও পুত্রকে কুপিয়ে, পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা জখমীদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১০ এপ্রিল (বুধবার) সাড়ে ৭ টার এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মো: সেলিম উল্লাহর স্ত্রী রিবুল আক্তার (৩৮), ছেলে টইটং উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সাইমন হাবিব (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টইটং বাজারপাড়ায় জায়গা নিয়ে সাবেক চেয়ারম্যান মো: শহীদুল্লাহর পরিবারের সদস্যদের সাথে পুরাদিয়া এলাকার মৃত ফজলুল করিমের পুত্র আবু বক্কর গংদের মধ্যে বিরোধ রয়েছে। ঘটনার দিন রাতে আবু বক্কর গং জায়গা দখলের প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে তারা বিরোধপূর্ণ জায়গায় শক্তি প্রয়োগ করে স্থাপনা নির্মাণের প্রচেষ্টা করছিল। খবর পেয়ে টইটং বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও প্রয়াত উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান শহিদুল্লাহর বড় ভাইয়ের ছেলে স্কুল ছাত্র সাইমন কবির গিয়ে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আবু বক্কর, তার ভাই শহিদুল্লাহসহ ৭/৮ জনের লোকজন এলোপাতাড়ি তাকে মারধর করে। এ সময় ছেলেকে উদ্ধার করতে মা রিবুল আক্তার ঘটনাস্থলে যান। উত্তেজিত লোকজন ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে মাথায় ও মুখমন্ডলে আঘাত করে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply