পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের নিত্যান্তঘোনায় শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র, একই পরিবারের ৩ মহিলাসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন টইটংয়ের নিত্যান্তঘোনার মো: খোকনের স্ত্রী রাশেদা বেগম (৩২), জাকের হোসেনের পুত্র বাঁশখালী মদিনাতুল উলুম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র আবদু রহমান (১১), জাকের হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন (৫০) ও রহিম উদ্দিনের স্ত্রী জিগারু বেগম (২৭)।
স্থানীয় সুত্রে জানা গেছে, ১৬ শতক সরকারী খাস জমি নিয়ে জাকের হোসেন ও প্রতিবেশী ফজল করিমের পুত্র আবুল কাশেমের মধ্যে বিরোধ চলছিল। জায়গাটি ২০২৩ সালে জাকের হোসেনের মেয়ে স্বামী পরিত্যক্ত ফাতেমা বেগম স্থানীয় নন্না মিয়ার কাছ থেকে নন জুড়িসিয়াল স্ট্যাম্পমূলে খরিদ করে। মাটি ভরাটসহ জায়গাটি ফাতেমা রক্ষনাবেক্ষণ ও ভোগ দখলে রাখে। ঘটনার দিন সকালে ভোগ দখলীয় পক্ষ সেখানে ঘেরা বেড়ার কাজ করছিলেন। এ সময় ফজল করিমের পুত্র আবুল কাশেম, তার ছেলে রাসেল ও মীর কাশেম, মোক্তার আহমদের পুত্র আবদু রহিমসহ ৫/৬ জনের উত্তেজিত লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় জাকের হোসেনের পক্ষে ৪ জন আহত হয়েছে। ভাংচুর করা হয় বসতভিটার ঘেরা বেড়া। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply