পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এলজিইডি কর্তৃক নির্মিত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিল এলাকাবাসী।
জানা যায়, গত ১ মাস আগে থেকে পেকুয়া সদরের দক্ষিণে জিন্নতআলী চৌধুরী সড়ক নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান জিয়াউল ট্রেডার্স এন্ড নিশাত ট্রেডার্স। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ১৬০০ মিটার রাস্তার কাজ বাস্তবায়ন করছে। এ দিকে রাস্তার কাজ শুরুতেই অভিযোগ তুলে স্থানীয় লোকজন। নন্দীরপাড়া গ্রামের দিদারুল ইসলাম জানান, রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করছে। এ ভাবে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয়রা এর প্রতিবাদ করলে ঠিকাদার আগ্রাসী আচরণ করেন। স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে ঠিকাদার সাময়িকভাবে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন আরো জানান, কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে কক্সবাজার থেকে ছরওয়ার নামের একজন প্রকৌশলী এসে কাজ তদারকি করেন। তিনি কাজের ব্যাপক অনিয়মের সত্যতা পান। এলাকার নুরুল হোছাইন জানান, সরকারী কাজের নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণ করলে আমাদের কোন ধরনের আপত্তি থাকবে না। ওই এলাকার নওসের হাসান জানান, রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে। ওই রাস্তাটি ৬ মাস বর্ষার মধ্যে পানিতে নিমজ্জিত থাকে। যেন তেন সামগ্রী দিয়ে কাজ করলে রাস্তা টেকসই হবে না। ভারী যানবাহন বা মালামালের গাড়ী যাওয়া আসা করলে ২/১ বছরের মধ্যে রাস্তা ধ্বসে পড়ার আশংকা রয়েছে। এলাকাবাসীর দাবী মানসম্মত সড়ক নির্মাণ না করলে কয়েক মাসের মধ্যে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্টানের কার্যকারক সাদেক জানান, কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে। রাস্তার কাজে এলাকার স্থানীয় লোকজন চাঁদা দাবী করছে এবং স্থানীয় কিছু লোককে শ্রমিক নিয়োগ প্রদান করে নাই। সে জন্য তারা কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ জানান, কাজে অনিয়মের বিষয়ে আমরা জেনেছি। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজ তদারকি করে নিয়ম অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাব।
Leave a Reply